ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 4:44 PM

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন বাইডেন

মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। রামাদান কারিম।

মাসটি শুরুর প্রাক্কালে সোমবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, বহু আমেরিকান আগামীকাল থেকে রোজা শুরু করছেন এবং সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে, বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা এখনও একত্রিত হতে পারেন নি, এবং অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

তিনি বলেন, আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন, একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুন্দর জীবন কামনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিষ্ঠার পর থেকে মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ, মুসলমানরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই মহামারিতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসাবেও অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠাণের মালিক হিসাবে কর্মসংস্থান সৃষ্টি করছেন, জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারের কর্মী হিসাবে কাজ করছেন, আমাদের স্কুলে শিক্ষাদান করছেন, দেশজুড়ে নিবেদিতপ্রাণ সরকারী কর্মচারী হিসাবে কাজ করছেন এবং জাতিগত সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।

কিন্তু তবুও, মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদি অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার এবং আক্রমণ ভুল। এগুলো অগ্রহণযোগ্য। এবং তা অবশ্যই থামানো উচিত। আমেরিকাতে নিজের বিশ্বাস প্রকাশে কারো ভীত হওয়া উচিত নয়। আমার প্রশাসন সকল মানুষের অধিকার এবং সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করবে।

প্রেসিডেন্ট হিসাবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম এবং চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা, এবং বিশ্বের সর্বত্র মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

গত রমজানের পর থেকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের আমরা স্মরণ করি, আমরা উজ্জ্বল আগামীর জন্য আশাবাদী। পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ‘ঈশ্বর বেহেশত এবং পৃথিবীর আলো’ (God is the light of the heavens and earth), যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান।

তিনি বলেন, এবারের রমজানে হোয়াইট হাউস ভার্চুয়াল অনুষ্ঠান করলেও, জিল এবং আমি আশাবাদী যে পরের বছর হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ঈদ উদযাপন সকলের উপস্থিতিতেই হবে, ইনশাআল্লাহ।

আমরা কামনা করি রমজান মাসটি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্যে একটি অনুপ্রেরণামূলক এবং ফলপ্রসূ মাস হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status