বাংলাদেশসহ ৪ দেশের নারীদের বিয়েতে সৌদিতে নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 March, 2021, 11:12 AM
বাংলাদেশসহ ৪ দেশের নারীদের বিয়েতে সৌদিতে নিষেধাজ্ঞা
বাংলাদেশ, পাকিস্তান, চাদ এবং মিয়ানমারের কোনো নারীকে বিয়ে করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির হিসাব অনুযায়ী, বর্তমানে এই চার দেশের অন্তত ৫ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। কোনো সৌদি পুরুষ যদি এই চার দেশের কোনো নারীকে বিয়ে করতেও চান, তা হলে তাকে মানতে হবে কঠিন বাধ্যবাধকতা।
মক্কা ডেইলির এক খবরের বরাত দিয়ে ভারতের এএনআই জানিয়েছে, এমনিতেই বিদেশি কাউকে বিয়ে করতে গেলে সৌদি নাগরিকদের নানা বাধ্যবাধকতা মানতে হয়। এখন ডিভোর্সের ৬ মাসের মধ্যে বিয়ে নয়। এ ছাড়া অন্য দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে আইন এবং পদ্ধতির আরও কড়াকড়ি চলবে। মক্কা পুলিশের ডিরেক্টর মেজর জেনারেল আসাফ আল-কুরেশি বলেন, কোনো পুরুষ যদি বিদেশি নারীকে বিয়ে করতে চায়, তা হলে তা সরকারকে জানিয়ে অনুমতি নিতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তি স্ত্রীকে ডিভোর্স দিলে এর ৬ মাসে মধ্যে বিয়ের আবেদন করতে পারবে না।
এ ছাড়াও মক্কা পুলিশপ্রধান আরও জানান, কেউ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চাইলে আবেদনকারীকে অন্ততপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে। আবেদনের সঙ্গে ছবিসহ কোনো এক আইডি থাকা আবশ্যক। স্থানীয় মেয়রের দ্বারা সেই আবেদন স্বাক্ষরিত হতে হবে। তা ছাড়া আবেদনের সঙ্গে সেই ব্যক্তির একটি ফ্যামিলি কার্ডও থাকতে হবে।