কাতারে বাউবি কোর্স উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
কাজী শামীম,কাতার
প্রকাশ: Friday, 19 March, 2021, 1:19 AM
কাতারে বাউবি কোর্স উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
ব্যাতিক্রম আয়োজনের মধ্যদিয়ে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করে এ বিশেষ দিনে কাতারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী সূচনা করেন রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। এরপর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কভিড-১৯ স্থানীয় বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে মহান নেতার জীবন ও কর্মের উপরে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গঠনের কাজে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি তাঁর ভিডিও বার্তায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বহি:বাংলাদেশ শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ফলে বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষার আলোর আলোকিত হওয়ার পাশাপাশি তাদের কাজের ক্ষেত্রেও উপকৃত হবেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা বলে আখ্যায়িত করে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের আহ্বান জানান।
পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও সকল শহীদ মুক্তিঝোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।