ডিএনসিসি’র সব ওয়ার্ডে স্থাপন হবে মিনি ফায়ার স্টেশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 3:41 PM
ডিএনসিসি’র সব ওয়ার্ডে স্থাপন হবে মিনি ফায়ার স্টেশন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডে একটি করে মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন তার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজধানীতে অনেক সরু সড়ক রয়েছে। এসব এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে পারে না। আবার ফায়ার স্টেশনগুলো অনেক দুরে থাকায় ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এতে দ্রুত অগ্নিনির্বাপণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে মিনি ফায়ার স্টেশন স্থাপন করার কর্ম-পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে ফায়ার সার্ভিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রমে যে লোকবল কাজ করবে তাদের ডেনমার্ক ফ্রি প্রশিক্ষণ দেবে। আর মিনি স্টেশন নির্মাণের জন্য ডেনমার্কে ৮৫ শতাংশ অর্থায়ন করবে। এরই মধ্যে মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা (এমইউ) স্বাক্ষর হয়েছে।
পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক ধারা অব্যাহত এবং নির্বাচনের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করেছে। এজন্য স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সরকার বদ্ধপরিকর।
মো. তাজুল ইসলাম বলেন, বৈঠকে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি আলোচনায় উঠলে গ্রিন এনার্জী এবং বর্জ্যর ব্যবস্থাপনায় ডেনমার্ক সরকারের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন।
মন্ত্রী সাংবাদিকদের জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রকল্প ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এ সংক্রান্ত প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন আছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনাসহ সব বিভাগীয় শহর, এমনকি প্রত্যেক জেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা সরকারের আছে।
মন্ত্রী বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। অনেক কোম্পানি চুক্তি করতেও আগ্রহী। যে কোম্পানিই আসুক, তাদের প্রতিযোগিতা করেই আসতে হবে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে।