ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মনু নদীতে মাছ ধরা উৎসব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 December, 2020, 9:48 PM

মনু নদীতে মাছ ধরা উৎসব

মনু নদীতে মাছ ধরা উৎসব

মৌলভীবাজার মনু নদীতে সৌখিন মাছ শিকারীদের তিন দিনের মাছ ধরা উৎসব শুরু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) শুরু হওয়া এ উৎসব বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথম দিনের প্রাথমিক পর্যায়ে শিকারীরা খরস্রোত মনু নদীর স্থানীয় প্রজাতির কয়েক হাজার কেজি ছোট বড় মাছ শিকার করার কথা জানিয়েছেন।

কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের একাধিক লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর খরস্রোত মনু নদীর পানি কমে আসলে এলাকার লোকজন সবাই একত্রিত হয়ে বছরের একই সময়ে মাছ ধরতে নামেন। স্থানীয়ভাবে মাছ ধরা এ উৎসবকে তারা হাট-বাওয়া বলে থাকেন। আর এ সময়ের জন্য গ্রামের লোকজন প্রতিবছর অপেক্ষায় থাকেন। সৌখিন মাছ শিকারীরা আগ থেকেই মাছ ধরার উপকরণ জাল নৌকা তৈরি করে রাখেন। তিন দিনের এ মাছ ধরা উৎসবের প্রথম দিনে কয়েক গ্রামের লোকজন মাছ ধরতে নদীতে নামেন। তবে অনেকেই শিকারীর উপস্থিতি কম হওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত শতাধিক মাছ শিকারী প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে নদীতে মাছ ধরতে দেখা যায়। অধিকাংশ মাছ শিকারী ছোট ডিঙ্গি নৌকায় বসে ফেলে মাছ শিকার করছেন।

হাজিপুর ইউনিয়নের সয়ফুল জানান, শনিবার দুপুরের দিকে মনু বাজার থেকে স্থানীয় লোকজন একত্রিতভাবে জাল ফেলে মাছ ধরার যাত্রা শুরু করেন। তারা জাল বেয়ে গাজীপুর ডর এলাকায় গিয়ে শেষ করেন।

তিনি জানান, মনু নদীর স্থানীয় প্রজাতির মাছ অত্যন্ত সুস্বাদু। ছোট বড় মিলে আজ অন্তত কয়েক হাজার কেজি মাছ ধরেন। এসব মাছের মধ্যে রয়েছে, লাছো, বাঁশপাতা, বাঁচাসহ আইড় ও বোয়াল মাছ। তবে শিকারির জালে বড় মাছের চেয়ে ছোট মাছই উঠেছে বেশি।

হাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু জানান, মনু নদীতে মাছ ধরা উৎসব এই এলাকার লোকজনদের দীর্ঘদিনের একটি ঐতিহ্য হিসাবে দাঁড়িয়েছে। প্রতি শীত মৌসুম আসলেই একই সময়ে নদীর পানি কমে যায়। তখন হাজিপুর, টিলাগাঁও ও শরীফপুরে তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ মাছ ধরা উৎসবে মেতে ওঠেন।

তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে সুলতানপুর চকেরকোনা থেকে আবারও নদীর মাছ শিকার শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন প্রচুর মানুষের উপস্থিতির কথাও তিনি জানালেন।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status