জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে বেলুন উড়াচ্ছেন- আইএসপিআই
জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বাংলাবান্ধা জিরো পয়েন্টে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে বেলুন উড়াচ্ছেন- আইএসপিআই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’।
রোববার তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় এর ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ অনুষ্ঠানের মাধ্যমে মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে সেনাবাহিনীর ১০০ সদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট ১০১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেয়ার দুঃসাহসিক প্রয়াস নেয়া হয়েছে।
সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশত বর্ষের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনের ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে এই বছরকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য সবসময় ৭১ জন সাইক্লিস্ট কর্তৃক এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে জাতির পিতার প্রজ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করাই এই সাইক্লিং এক্সপেডিশনের মূল উদ্দেশ্য। মুজিববর্ষের চেতনাকে বুকে ধারণ করে সব সাইক্লিস্ট আগামী ৩ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন সমাপ্ত করবে। সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৪ ডিসেম্বর কক্সবাজারের জলতরঙ্গে।