চীনকে ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 10:00 PM
চীনকে ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো ভারত
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের সেনাবাহিনী মোকাবিলায় এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’ মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাল্লার।
চীন অধিকৃত তিব্বত এবং শিনজিয়াং প্রদেশের অধিকাংশ অঞ্চলই এই ক্ষেপণাস্ত্রের আওতায়। ডিআরডিও’র দাবি, ৬ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যে আঘাত হেনে শত্রু মোকাবিলার ক্ষেত্রে সাফল্যের হার ৯০ শতাংশ।
লাদাখের এলএসি’তে চীনের পিপলস লিবারেশন আর্মি ইতোমধ্যেই দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে খবর সামনে এসেছে। এরই জবাবে এই পদক্ষেপ গ্রহণ করলো ভারত।
এর আগে, ২০১৩ সালের ১২ মার্চ নির্ভয় উৎক্ষেপণ করা হয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণেই উৎক্ষেপণের পরই মাঝপথে নষ্ট হয়ে যায় সেটি। এরপর ২০১৪ সালে সফল উৎক্ষেপণ হয় এই ক্ষেপণাস্ত্রের। ২০১৫ সালে দুইবার উৎক্ষেপণ করা হয়েছিলো এটি। তবে তখন নিখুঁত লক্ষ্যভেদে সফল হয়নি নির্ভয়।
এক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে নির্ভয় এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করা হয়। এরপরে একাধিকবার এই ভূমি থেকে ভূমি সাবসনিকথ (শব্দের চেয়ে কম গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ডিআরডিও। এলএসি’তে এবার সীমিত সংখ্যায় সেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
গত বছরের এপ্রিলে চূড়ান্ত পরীক্ষার পরে নির্ভয়’কে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে ছাড়পত্র দেয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিষয়ক কমিটি। সূত্র- আনন্দবাজার