প্রেমিকের সঙ্গে দেখা করতে কক্সবাজার সৈকতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:20 PM
প্রেমিকের সঙ্গে দেখা করতে কক্সবাজার সৈকতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
কক্সবাজার সমুদ্র সৈকতে ‘প্রেমিকের সঙ্গে দেখা করতে’ গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন উর্মি রেস্তোরার পাশের নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর থানায় মামলা করেছেন ভূক্তভোগী। পরে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ওসমান সরওয়ার কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রামের আবুল বাশারের ছেলে। তিনি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের কিটকট (পর্যটকদের জন্য রাখা ছাতা) পরিচালনাকারী।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস জানান, ধর্ষণের শিকার তরুণীর বাড়ি চকরিয়া উপজেলায়। তার সঙ্গে মোবাইলে কক্সবাজারের এক যুবকের প্রেম হয়। সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে বুধবার কক্সবাজারে আসেন ভূক্তভোগী তরুণী। এরপর থেকেই তার প্রেমিকের মোবাইল বন্ধ পাওয়া যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও প্রেমিকের দেখা না পেয়ে রাতে লাবণী পয়েন্ট এলাকায় কিটকট ভাড়া নেন ওই তরুণী। গভীর রাতে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা বলে উর্মি রেস্তোরা পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন ওসমান সরওয়ার।
ওসি আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী তরুণী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে দুপুরে লাবণী পয়েন্ট থেকে অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।