ছোটবেলায় পর্দায় সাদেক বাচ্চুকে দেখে বড় হলেও বেশ কিছু চলচ্চিত্রে তাঁকে বাবা হিসেবে পেয়েছেন নায়ক বাপ্পী চৌধুরী। পর্দার বাইরেও বাবা-ছেলের মতো সম্পর্ক ছিল তাঁদের। সাদেক বাচ্চুর মৃত্যুতে ভেঙে পড়েছেন বাপ্পী। নিজেকে অসহায় মনে হচ্ছে তাঁর।
আজ দুপুরে বাপ্পী চৌধুরী বলেন, ‘সাদেক বাচ্চু সব সময় ব্যাটা বলে ডাকতেন আমাকে। আমি উনাকে বাবা ডাকতাম। বাবার মতোই পরামর্শ দিতেন। চলচ্চিত্র ও আমার ব্যক্তিজীবনের সব বিষয়ে বাবার কাছ থেকে আমি পরামর্শ পেয়েছি।’
সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে বাপ্পীর শ্বশুর চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। লম্বা সময় একসঙ্গে থেকেছেন তাঁরা। এ সময়ের স্মৃতিচারণ করে বাপ্পী চৌধুরী বলেন, ‘শুটিংয়ে বেশ কয়েক দিন আমাদের একসঙ্গে থাকতে হয়েছে। শুটিং শেষে উনি আমার রুমে চলে আসতেন, তারপর গভীর রাত পর্যন্ত চলত আড্ডা। শুটিং করে ঢাকায় ফেরার সময় আমি প্রতিদিনই উনাকে বাসায় পৌঁছে দিতাম। আগে শুটিং শেষ হলেও তিনি আমার জন্য অপেক্ষা করতেন। শুধু তা-ই নয়, যখন কোনো শুটিং হতো না, তখনো আমরা ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতাম।’
বাপ্পী চৌধুরী আরো বলেন, ‘বাবা সব সময় আমাকে টাকা জমাতে বলতেন। কোনো ছবির সাইনিং মানি পেলে তা দিয়ে ফ্ল্যাট বুকিং দিতে বলতেন। আমি উনাকে বলেছিলাম, বাকি টাকা কীভাবে দেব। তিনি বলতেন, বাকি টাকা এভাবেই দিতে পারবে, আগে বুকিং করো। উনার কথা আমি সব সময় মেনে চলার চেষ্টা করেছি। আজ বাবাকে হারিয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে।’
আজ সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাদেক বাচ্চু। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
এ তথ্য নিশ্চিত করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘সকাল থেকে দুবার তাঁর হার্ট ফেল হয়েছে। দুপুর ১২টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেছি আমরা।’
ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এক দিন পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু। তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।