আরেকটি বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি প্রকাশ করল ফিফা- কাতার বিশ্বকাপ ২০২২।
কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপটি কালের সাক্ষী হয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে এক ইতিহাস রচনা করবে। ফুটবল প্রেমিরা একদিনে দেখতে পাবেন চারটি করে ম্যাচ, উদ্বোধনী ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে। এছাড়া চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।
টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের সোমবার ২১ নভেম্বর। ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে।
রাজধানী দোহার আশেপাশে স্টেডিয়ামগুলোর অবস্থান ও দূরত্ব কম হওয়ায় একই দিনে চাইলে মাঠে গিয়ে কয়েকটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা। ৩২ দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।