ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 1:23 PM

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। একদিনে চারটি ম্যাচ সমতায় শেষ হওয়ার ঘটনা বিশ্বকাপ ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। 

এর আগে এমন ঘটনা দেখা গিয়েছিল আজ থেকে ৬৮ বছর আগে, ১৯৫৮ সালের বিশ্বকাপে।

বিশ্বকাপের পঞ্চম দিনের ম্যাচগুলোতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে। অন্যদিকে বেলজিয়াম ও মিসরের মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। একই ব্যবধানে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।

চারটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপভোগ করেছেন দর্শকরা। তবে কোনো দলই জয় তুলে নিতে না পারায় দিনটি বিশ্বকাপের ইতিহাসে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। 

পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে। 

এর আগে, ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে একই দিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেদিন স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য সমতায় শেষ করে ম্যাচ। যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে ৩-৩ গোলে ড্র করে। ইংল্যান্ড ও অস্ট্রিয়া ২-২ গোলে সমতায় শেষ করে তাদের ম্যাচ। একই ফলাফল হয়েছিল নর্দান আয়ারল্যান্ড ও জার্মানির মধ্যকার লড়াইয়েও।

দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল রেকর্ডের পুনরাবৃত্তি হলো। ১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮।  ফুটবলের সবচেয়ে বড় আসরে সাধারণত জয়-পরাজয়ের নাটকীয়তা বেশি দেখা গেলেও এবার একদিনে চারটি ম্যাচের সমতা বিশ্বকাপ ইতিহাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একই দিনে চারটি ম্যাচ ড্রয়ে অনেকেই মনে করছেন বিশ্ব ফুটবলে শক্তির ভারসাম্য আগের তুলনায় অনেক বেড়েছে। তুলনামূলক ছোট দলগুলোও এখন বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করছে। আর সেই কারণেই বিশ্বকাপের মঞ্চে এমন অপ্রত্যাশিত ফলাফল দেখা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status