ভেন্টিলেটর ‘দুর্বার কাণ্ডারি’ তৈরি করল শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 11:19 AM
ভেন্টিলেটর ‘দুর্বার কাণ্ডারি’ তৈরি করল শিক্ষার্থীরা
করোনাকালে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষ্যে এক ধরনের ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানার তত্ত্বাবধানে দুই মাসের অধিক সময়ের চেষ্টায় ভেন্টিলেটরটি তৈরিতে সফল হয় তাঁরা। ভেন্টিলেটরটির নাম দেওয়া হয়েছে ‘দুর্বার কাণ্ডারি’।
এই ভেন্টিলেটরটি ওয়েব বেইজড ও ম্যানুয়ালি-দুই পদ্ধতিতেই কাজ করবে। গতকাল মঙ্গলবার দুপুরে ভেন্টিলেটরটি সফলভাবে চালু করা হয়। এই ভেন্টিলেটরটির মাধ্যমে রোগীদের সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব বলে দাবি করেন অধ্যাপক মাসুদ রানা।
ভেন্টিলেটর তৈরি করা দলটির শিক্ষার্থীরা জানায়, অত্যন্ত কম খরচে দেশিয় প্রযুক্তিতে ভেন্টিলেটরটি তৈরি করা হয়েছে। এর পরিচালনাও অনেক সহজ ও নিরাপদ। করোনাকালে বিশ্বের স্বনামধন্য এমআইটি বিশ্ববিদ্যালয় প্রণীত ইমার্জেন্সি ভেন্টিলেটরের মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দুর্বার কাণ্ডারি তৈরি করা হয়েছে।
দুর্বার কাণআরি দলের তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘এই ভেন্টিলেটরটি মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা যাবে। এটি কেবল করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে তৈরি করা হয়েছে। এই ভেন্টিলেটরকে আরো উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, ‘ভেন্টিলেটরটি তৈরির জন্য আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাঁরা সফলও হয়েছেন। এই ভেন্টিলেটর বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানে অগ্রগণ্য ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা।’