ইরান থেকে ফের গ্যাস আমদানি শুরু করেছে তুরস্ক। গ্যাসলাইনে বিস্ফোরণের ফলে ৩ মাস ধরে ইরান থেকে গ্যাস আমদানি বন্ধ রেখেছিলো তুরস্ক। ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন পুরোপুরি মেরামতের পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করলো দেশটি।
বুধবার ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৩১ মার্চ ইরান-তুরস্ক গ্যাস পাইপলাইনে এক বিস্ফোরণের জের ধরে গ্যাস আমদানি বন্ধ রেখেছিলো আঙ্কারা।
ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও পাইপ লাইন মেরামতে বিলম্বের কারণে এই প্রক্রিয়া বন্ধ ছিলো।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ইরান-তুরস্ক গ্যাস পাইপলাইন দিয়ে আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রফতানি করে ইরান।
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির কর্মকর্তা হাসান মোনতাজের তুরবাতি বলেছেন, ইরান বর্তমানে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের নাখজাওয়ান এলাকায় গ্যাস রফতানি করছে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির দৈনিক ৯০ কোটি গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।