বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রক্রিয়া শেষ হলেই তার দণ্ড কার্যকর করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নিজ আবাসিক অফিস থেকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন মাজেদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। পরবর্তীতে আপিল আদালতে এ দণ্ড কনফার্ম (নিশ্চিত) হয়।
আইনমন্ত্রী আরও বলেন, মঙ্গলবার ভোর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালতের আদেশে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
যেহেতু ক্যাপ্টেন মাজেদ ভারত থেকে এসেছেন, এ অবস্থায় কারাগারে তাকে নিয়ে করোনার ঝুঁকি রয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ক্যাপ্টেন মাজেদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাকে কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে। অন্য কোনো আসামির সঙ্গে তার কোনো সংযোগ থাকবে না। এ কারণে তাকে নিয়ে করোনার ঝুঁকির কোনো আশঙ্কা নেই।