সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকারের বিষয়টি তুলে ধরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘের মতে এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
দেশের বিভিন্ন জায়গায় সভা সেমিনার অনুষ্ঠানে বক্তৃতা ও সফল নারীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে পালন হয়েছে নারী দিবস। বাংলাদেশের বিনোদন জগতে নারীর রয়েছে শক্তিশালী অবস্থান। তাই এই দিনে নিজেদের চিন্তা-চেতনা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনেক তারকা।
দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত মডেল, অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা লিখেছেন, ‘‘আসলে আমি কে? কি আমার পরিচয়? কি আমার নির্দিষ্ট পদবী? আমি কখনো মা, কখনো ভগ্নী, কখনো বা লগ্নী, কখনো ঊষা, কখনো বা ঘোর অমানিষা! কখনো বোঝা, কখনো দেবী, কখনো বেশ্যা, কখনো পূজনীয়, কখনো বা দুর্গন্ধী ছত্রাক! কখনো লক্ষ্মী, কখনো অসূচী! হাফ প্যান্ট, স্বল্প পোশাক পড়লে বেশ্যার রূপ ধারণ করি, আর বোরকা পড়লে পরহেজগার…
আমি আসলে কী? এই সব গুলো পরিচয় একজন নারী একাই কিভাবে ধারণ করে? এতো গুলো বিশেষণ শুধু আমার নামের সামনেই কেনো? আমি নারী তাই? আমার আসল পরিচয়টা কী? খুব জানতে ইচ্ছে করে।’’