ভারতের কাছে সেই হার বিদায় বেলায়ও পোড়াচ্ছে মাশরাফিকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:18 PM
ভারতের কাছে সেই হার বিদায় বেলায়ও পোড়াচ্ছে মাশরাফিকে
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারের চরম নাটকীয়তায় ভারতের কাছে মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। অবিশ্বাস্য সেই হারের ক্ষত আজও বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মানসপটে জাজ্বল্যমান। সেই শোকগাঁথা ভোলার নয় ক্রিকেটারদেরও।
বিশেষ করে মাশরাফি বিন মুর্তজার। সেই ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি। ন্যাচারালি ক্যারিয়ারে অধিনায়কত্বের বিদায় বেলায়ও স্মরণ করলেন তীরে এসে তরী ডোবানো সেই পরাজয়ের কথা। হয়তো আমৃত্যু তা মনে রাখবেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে ক্যাপ্টেন হিসেবে পথচলার ইতি টানছেন মাশরাফি। এর আগে বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিশ্বমঞ্চের সেই দুঃসহ যাতনার স্মৃতি রোমন্থন করেন তিনি।
বিদায়ী টাইগার অধিনায়ক বলেন, সবচেয়ে কষ্টের ছিল ভারতের কাছে ১ রানে পরাজয়। বিশ্বকাপের ওই রাতটা শুধু আমার নয়, পুরো দলের জন্য বীভৎস ছিল। আমরা সবাই হোটেলে এসে করিডোরে বসেছিলাম। সবার মুখ বিষণ্ণ ও দুঃখভারাক্রান্ত দেখছিলাম। অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের দেখে খুবই খারাপ লেগেছে। সেই দৃশ্য ভোলার নয়।
মহেন্দ্র সিং বাহিনীর বিপক্ষে সেই ম্যাচের পর কেটে গেছে কয়েক বছর। এর মাঝেও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন মাশরাফি। তন্মধ্যে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ উল্লেখযোগ্য। সেই বৈশ্বিক টুর্নামেন্টে মাত্র ১ উইকেট নিয়ে বেশ সমালোচিত হন তিনি। পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে তার।
সেই মুহূর্তের কথা স্মরণ করে মাশরাফি বলেন, ভারত ম্যাচের পর অনেক চ্যালেঞ্জিং সময় গেছে। সেটি অবশ্যই সবশেষ বিশ্বকাপ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা টুর্নামেন্টে টিকে ছিলাম। কিন্তু যেভাবে শেষ করেছি, সেটি কঠিন ছিল। ব্যক্তিগতভাবে আমি বলব, আমার জন্য প্রত্যেকটা হারই কঠিন। জিতলে আরও ভালো করার তাগিদ অনুভব হয়। আর হারলে নানা জায়গায় সমস্যা ধরা পড়ে।