ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 March, 2020, 12:39 PM

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা: কাদের

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষ পালনের নামে কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মুজিববর্ষ পালনের জন্য কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ পালনকালে দলের নেতাকর্মীরা অনেকে পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ড করবেন। কিন্তু সেখানে নিজেদের ছবি ব্যবহার করবেন না। তবে নামটা ব্যবহার করতে পারেন।

তিনি আরো বলেন, ছবি ব্যবহার যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মনিটরিং করার জন্য দলের একটি টিম থাকবে। কে কোথায় কী করছেন সব মনিটরিং করা হবে। মুজিববর্ষ উপলক্ষে পোস্টারিং করতে গিয়ে নিজের নাম জাহির করার মতো ঘটনা যেন না ঘটে। আত্মপ্রচার করার জন্য যেন পোস্টার করা না হয়। কোথাও কোনো পোস্টারে যেন কারো ছবি না দেখি।

ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে গিয়ে এবং অর্থসংগ্রহের নামে চাঁদাবাজি করবেন না। নিজেরা অর্থ দিয়ে তারপর প্রোগ্রাম করবেন। কোনো প্রকার চাঁদাবাজির খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে মুজিববর্ষ পালন করা হবে। মানুষের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ মনে দুঃখ পায়। দলের এসব আদেশ অমান্য করে কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে তার বাড়াবাড়ি সহ্য করা হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুজিববর্ষ শুধু ১৭ মার্চের কর্মসূচি নয়। এটা সারা বছরের কর্মসূচি। ১৭ মার্চ প্যারেড গ্রাউন্ডে বছরব্যাপী কর্মসূচির শুরু হবে। ওই কর্মসূচিতে বিদেশি অতিথিরা থাকবেন। দলীয় নেতাকর্মীরা এমন নম্র ও ভদ্র আচরণ করবেন যাতে কর্মীদের আচরণে তারা তল সম্পর্কে জানতে পারে। ওই অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status