মুলাদীতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সোয়া ২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
এতে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক কর্মচারী জানান, বুধবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে লেবেল সিঁড়ির কাছে আগুন দেখতে পেয়ে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে যান। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, হাসপাতালের সিঁড়ির কাছে রাখে ডাস্টবিনে কেউ বিড়ি-সিগারেটের অংশবিশেষ ফেলে যান। ধারণা করা হচ্ছে ওই আগুন থেকেই সিঁড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবুও বিষয়টির তদন্ত চলছে।