হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ভারতের অভিনেত্রী শাবানা আজমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 5:47 PM
হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ভারতের অভিনেত্রী শাবানা আজমি
কিছুদিন আগে ভারতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন দেশটির বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমি। বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী জাভেদ আখতার।
জাভেদ আখতার বলেন, শাবানা এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা তাকে বাড়তি কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে চাইছিলেন। এখন সে বাড়ি ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার সকালে আমরা তাকে বাড়িতে নিচ্ছি।
তিনি আরও বলেন, অনেক খারাপ কিছু হতে পারত। কিন্তু শাবানা সৌভাগ্যক্রমে বেঁচে গেছে।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের কালাপুর টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন এই অভিনেত্রী। এরপর আহত অবস্থায় তাকে মহারাষ্ট্রের এমজিএম প্যানভেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তিনি মাথায় ও মেরুদণ্ডে আঘাত পান। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য এই অভিনেত্রীকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তর করা হয়।