|
গুলিকাণ্ডের পর এবার মুখ খুললেন আসিফ আকবর
নতুন সময় ডেস্ক
|
![]() গুলিকাণ্ডের পর এবার মুখ খুললেন আসিফ আকবর সেসময় আসিফ মগবাজারে নিজের অফিসে ছিলেন। নিচে পার্ক করা ছিল তার গাড়ি। আর সেই গাড়িতেই আচমকা গুলি চালানো হয়। তবে এই তারকা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন। গণমাধ্যমকে আসিফ বলেন, ‘বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’ ঘটনার সময় অফিসে বসে ছিলেন বলে জানান এই সংগীতশিল্পী। বের হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করলেন। আর ওই সময়ে গুলির ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান আসিফ। তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’ নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে আসিফ বলেন বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’ পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে। এদিকে এ ঘটনায় শোবিজের শিল্পী-কলাকুশলীরা উদ্বেগ প্রকাশ করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
