“যেদিন আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, সেদিনই তার কাছ থেকে আমি একটি মেসেজ পেলাম।
প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম। তিনি কেনো আমাকে লিখতে যাবেন?
আমার স্বামী বাড়িতে ছিলেন না, আমি একাই ছিলাম। তারপরেও আমি খুব ভয়ে ভয়ে চারদিকে তাকালাম।
এটা ছিলো খুব বোকা বোকা একটি ব্যাপার। নিজের আচরণে আমি হাসলাম এবং মেসেজটি খুলে পড়তে লাগলাম।
হঠাৎ তার মেসেজ
তিনি লিখেছেন, “হাই, আমি আপনার বন্ধু হতে চাই।”
আমি হাসলাম এবং ওই মেসেজের দিকে কয়েক মিনিট তাকিয়ে রইলাম। আমি তখনও বুঝতে পারছিলাম না এর জবাবে আমি কি লিখবো, নাকি মেসেজটিকে উপেক্ষা করবো।
ভাবছিলাম, অপরিচিত একজন ব্যক্তির মেসেজের জবাব দেব কেনো? আমার স্বামী যদি এসব জানতে পারেন তাহলে কি হতে পারে? সে ব্যাপারটা কিভাবে নেবে?
স্বামীকে নিয়ে আমার এই ভাবনা আমাকে রাগিয়ে দিলো। কারণ সে এমনই এক ব্যক্তি যে অপরিচিত এক পুরুষের কাছ থেকে আসা সামান্য ‘হাই’ শব্দটিও তাকে ক্রুদ্ধ করে তুলতে পারে।
পরিস্থিতি যদি অন্য রকম হতো আমি হয়তো এ ধরনের একটি মেসেজ উপেক্ষাই করতাম। কিন্তু আমি এতোই রেগে ছিলাম যে তাকে আমি পাল্টা ‘হাই’ লিখে তার মেসেজের জবাব দিলাম।