|
দুই সিনিয়রকে চেয়েছিলেন পাকিস্তানের নতুন অধিনায়ক, দেয়নি পিসিবি
নতুন সময় ডেস্ক
|
![]() দুই সিনিয়রকে চেয়েছিলেন পাকিস্তানের নতুন অধিনায়ক, দেয়নি পিসিবি বাবর প্রস্তাব করেছিলেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিককে দলে ফেরানো যায় কি না। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দেয়, এমনটা সম্ভব নয়। আসন্ন সিরিজের দল নিয়ে আলোচনার জন্য নতুন অধিনায়ক বাবরকে নিয়ে যে বৈঠকে বসেছিল বোর্ড, সেখানেই কথা ওঠে হাফিজ আর মালিককে নিয়ে। প্রধান নির্বাচক মিসবাহ উল হক আর অধিনায়ক বাবর দুজনেরই চাওয়া ছিল, হাফিজ-মালিককে। কিন্তু বোর্ডের অন্য সদস্যরা এমন পরিকল্পনার বিপক্ষে মত দেন। অস্ট্রেলিয়া সফরের আগে এমন খবর জানিয়ে গেলেন বাবর নিজেই। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমি দল নির্বাচন নিয়ে মত দিয়েছিলাম। আমার মনে হয়েছিল, কয়েকজন সিনিয়র খেলোয়াড় দরকার। তবে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন।’ তারপরও যে দল পেয়েছেন, সেটা নিয়েই ভালো করার আশা বাবরের। তিনি বলেন, ‘আমার নিজের এবং ব্যাটিংয়ের ওপর বিশ্বাস আছে। নেতৃত্ব নতুন একটা দায়িত্ব। আমি সবাইকে একসঙ্গে করে এগিয়ে চলার চেষ্টা করব। এটা কিন্তু সত্যি, যদি খেলোয়াড়রা আপনাকে সমর্থন করে তবে দলও ভালো করবে। আমি চাই সবাই যেন পারফর্ম করে। আমি ড্রেসিংরুমের পরিবেশ সুন্দর এবং ইতিবাচক রাখার চেষ্টা করব। আমাদের অবশ্যই পাকিস্তানের হয়ে খেলাটা উপভোগ করতে হবে এবং চাপ নেয়া যাবে না।’ জাতীয় দলে প্রথম হলেও অনূর্ধ্ব-১৯ দলে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে বাবরের। এর আগে তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। তাই কন্ডিশন সম্পর্কেও ভালো ধারণা আছে। বাবর মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে হলে ভয়ডরহীন ক্রিকেটই খেলতে হবে। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এবং তাদের হারানো বড় একটা চ্যালেঞ্জ। ভয়ডরহীন ক্রিকেট খেলে লড়াই করতে হবে। সেইসঙ্গে খেলাটা হতে হবে আগ্রাসী।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
