|
‘ঘাস লাগাতে ব্যস্ত রাবি প্রশাসন’
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘ঘাস লাগাতে ব্যস্ত রাবি প্রশাসন’ ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে’ সোমবার বেলা ১১টায় ৬ষ্ঠ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রশাসনবিরোধী এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বর্তমান প্রশাসন মুক্তিযুদ্ধ কর্নারের কাজ স্থগিত রেখে ঘাস লাগাতে ব্যস্ত বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, ‘লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের কাজ স্থগিত রেখে ৭ পুকুর গবেষণা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। যারা মুক্তিযুদ্ধ কর্নারের কাজ স্থগিত রেখে সৌন্দর্যবর্ধনের নামে ঘাস উঠানো ও লাগানোতে ব্যস্ত তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের প্রশাসন হিসেবে উল্লেখ করতে পারি না।’ মানববন্ধনে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনের নামে একবার ঘাস লাগানোর জন্য ঘাস উঠিয়ে সেই জায়গায় আবার ঘাস লাগানো হয়েছে। এবার সেই ঘাস তুলে প্যারিস রোডে ফুটপাত বানানো হচ্ছে। এর মাধ্যমে টাকা আত্মসাত করেছেন। এছাড়াও যেখানে শ্রেণিকক্ষ সংকট, চেম্বার সংকট, ল্যাব সংকট সেখানে এসব প্রকল্প বিশ্ববিদ্যালয়ের অর্থের অপচয় করছে বলেও উল্লেখ্য করেন শিক্ষকরা। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম, আইন অনুষদের সাবেক ডীন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মুজিবুল হক আযাদ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর তরিকুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক প্রশাসক ড. সফিকুন্নবী সামাদী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম হায়দার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জিন্নাত আরা বেগম, গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। এর আগে পঞ্চম দিনের কর্মসূচি থেকে বর্তমান প্রশাসনের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারণ না করা পর্যন্ত প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
