সম্প্রতি দুর্ঘটনায় আহত কলেজছাত্র ওহিদুজ্জামান লোটন তালুকদারের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। বর্তমানে সে মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের ৩১৩ নম্বর কেবিনে ভর্তি আছে। চিকিৎসার কারণে এরই মধ্যে জমি-জমা বিক্রি, ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা-মা। চাকরি হারিয়েছেন লোটনের বড় ভাই পলাশ তালুকদার। এখন একেবারেই অসহায় পরিবারটি।
জানা গেছে, টাকার অভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন লোটনের বাবা ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত’ ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. বজলুর রহমান তালুকদার। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলার পূর্ব সুজনকাঠী এলাকার বাসিন্দা। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বজলুর রহমান তালুকদার বলেন, চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট লোটন পড়াশোনায় সবসময়ই ভালো। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে সরকারি গৌরনদী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে ডিগ্রিতে (বিএসএস) ভর্তি হয়।
গত ৮ মার্চ আগৈলঝাড়া বাইপাস সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকার নিউরো সাইন্স মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সব হাসপাতালই তাকে নিয়ে হতাশ হওয়ায় সবশেষ মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়।
তিনি আরো বলেন, ছেলের চিকিৎসার খরচ যোগাতে জায়গা-জমি বিক্রি করেছি, ধার-দেনা করতে হয়েছে প্রচুর। অনেকে সাহায্যও করেছেন।
লোটনের বাবা বলেন, প্রায় দেড় মাস আইসিইউতে থাকার পর লোটন এখন কিছুটা সুস্থ। পেছনের স্মৃতি মনে আছে তার, কিন্তু এখনো ভালোভাবে হাঁটা-চলা করতে পারে না।
এদিকে জানা গেছে, দুর্ঘটনায় আহত লোটনের মাথার খুলির একটি অংশ কেটে অপারেশন করতে হয়েছে, যা সাভারের একটি সংরক্ষণাগারে জমা রেখেছেন চিকিৎসক অধ্যাপক আফজাল হোসেন। এখন খুলির ওই অংশটি পুনঃস্থাপন করতে হবে।
এ ব্যাপারে লোটনের বাবা বলেন, ছেলের চিকিৎসার জন্য আরো প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার দরকার। কিন্তু, আমি তো নিঃস্ব। কী করবো বুঝতে পারছি না, তাই ছেলের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চাই।
লোটনের মা জোসনা বেগন বলেন, আমার কলিজার টুকরা ছেলেটার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়েছি। আমার ছেলেটার সুস্থ হয়ে বাড়ি যাওয়ার জন্য আরো অনেক টাকার প্রয়োজন। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুণ: লোটনের বাবা মো. বজলুর রহমান তালুকদারের সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার হিসাব নাম্বার ০৩০১১০০০১২২৪৬। লোটনের বড় ভাই পলাশ তালুকদারের শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখার হিসাব নাম্বার ৪০১৩১২১০০০২৫৪৮৭। বিকাশ নং: ০১৭৫৪১৯৫৯৪২।