বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে টস জিতে ব্যাটিং নিয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
মঙ্গলবার (০৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ দলটি।
খেলার শুরু থেকেই ভারতীয় বোলিংয়ের সামনে ধুঁকছে কিউই ব্যাটসম্যানরা। প্রথম দুই ওভার থেকে একটি রানও নিতে পারেনি দুই ব্যাটসম্যানের একজনও। প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর আবেদন করে ভারত। তাতে আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন কোহলি। রিভিউতে দেখা যায় বোল স্ট্যাম্পের বাইরে ছিলো তাই রিভিউ হারায় ভারত।
বুমরার করা দলীয় চতুর্থ ওভারে কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ক্যাচ তুলে দেন স্লিপে। সেই ক্যাচ নিতে ভুল করেননি অধিনায়ক বিরাট কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮ রান। ক্রিজে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (০৪) এবং হেনরি নিকোলস (০৩)।
এর আগে প্রথম পর্বে দু’দলের দেখা হয়েও হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার ম্যাচটি।
গ্রুপ পর্বে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়ে শীর্ষে পৌঁছেছে ভারত। ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে কোহলিরা। কিন্তু নিউজিল্যান্ড প্রথম দিকে দুর্দান্ত শুরু করলেও শেষের দিকে টানা তিনটি ম্যাচ হারে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে এক পর্যায়ে তাদের সেমিফাইনালে ওঠা নিয়েই সংশয় দেখা দেয়।
বিশ্বকাপে এর আগে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফলাফলের দিক দিয়ে চারবার জয় নিয়ে ব্ল্যাক ক্যাপসরাই এগিয়ে আছে। তবে চলতি আসরে ভারতের জয়ের ধারা বলছে নিউজিল্যান্ডকে বেশ বেগ হতে হবে।