কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
সোমবার (১০ জুন) ভোরে উপজেলার জাদিমুড়া নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে দমদমিয়া বিওপির বিশেষ টহলদল জাদিমুড়া নাফনদীর পারে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি একটি অস্ত্র, ও দুইটি গুলির খোসাসহ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।