কোথাও চাঁদাবাজি হলে সাহস করে জানান: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 6:20 PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা চাই চাঁদাবাজমুক্ত পরিবেশে সবাই ব্যবসা করবেন। কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে একবার সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেবো না।
মঙ্গলবার (৭ মে) কারওয়ান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতির রমজান উপলক্ষে আয়েজিত পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রায় সময় মানুষ খুন হতো, মারামারি লেগে থাকতো। ফলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেন না। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় শান্তি ফিরে এসেছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পণ্য কিনতে পারছে। ছিনতাইয়ের ঘটনা আর ঘটে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাজার স্থানান্তর করতে চাই। এ বাজারের কয়েকটি মার্কেট শতভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুর্ঘটনায় কোনো প্রাণ ঝরে যাক এটা আমরা চাই না।
পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামে মাত্র ১৫০ টাকায় দুই দিনের ইফতারের কাঁচা বাজার পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে শসা ৫০০ গ্রাম, বেগুন ৫০০ গ্রাম, লেবু ৪টি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, কাঁচা মরিচ ৩০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম এবং গাজর ৫০০ গ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।