ঐতিহাসিক মুজিব নগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ঘাট শ্রমিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, বাউল শিল্পী এবং কেউ কেউ ব্যক্তিগতভাবেও গোলাপের তোড়া দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত বাঙালি জাতির আলোকবর্তিকা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরকারের শপথগ্রহণ আর মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এদিন কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।