ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
২০২৭ সালে সাপ্লাই চেইন নিরাপত্তায় সাত ধরনের ঝুঁকি চিহ্নিত করল ক্যাসপারস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 November, 2026, 3:14 PM

২০২৭ সালে সাপ্লাই চেইন নিরাপত্তায় সাত ধরনের ঝুঁকি চিহ্নিত করল ক্যাসপারস্কি

২০২৭ সালে সাপ্লাই চেইন নিরাপত্তায় সাত ধরনের ঝুঁকি চিহ্নিত করল ক্যাসপারস্কি

সাপ্লাই চেইন বা সরবরাহব্যবস্থাকে কেন্দ্র করে সাম্প্রতিক সাইবার হামলা অন্যতম বড় নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। সাইবার অপরাধীরা এখন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বিশ্বস্ত সফটওয়্যার, আপডেট সার্ভার, ওপেন সোর্স টুল এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) অবকাঠামোকে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। নোটপ্যাড++ (Notepad++), ডিমন টুলস (Daemon Tools), সিপিইউ-জেড (CPU-Z), ট্রাইভি (Trivy), চেকমার্ক্স (Checkmarx) ও লাইটএলএলএম (LiteLLM)-কে ঘিরে সাম্প্রতিক কয়েকটি বড় নিরাপত্তা ঘটনা প্রমাণ করেছে, কোনো একটি সফটওয়্যার বা প্রযুক্তিগত উপাদানে অনুপ্রবেশ ঘটলেই তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে আরও অনেক প্রতিষ্ঠান ও ব্যবহারকারীর মধ্যে। এ ছাড়া এআই মার্কেটপ্লেসে ক্ষতিকর স্কিল ছড়িয়ে দেওয়া এবং এমসিপি (MCP) কনফিগারেশন ও এআই এজেন্টের এপিআই কী চুরির ঘটনাও এআই ব্যবহারের সঙ্গে যুক্ত নতুন নিরাপত্তাঝুঁকি সামনে এনেছে।

২০২৬ সালের মার্চে প্রকাশিত ক্যাসপারস্কির এক গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ প্রতিষ্ঠান আগের ১২ মাসে সাপ্লাই চেইন হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে বেশি রিপোর্ট করা সাইবার হুমকি। তবে মাত্র ৯ শতাংশ প্রতিষ্ঠান একে সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে বিবেচনা করেছে।

২০২৭ সালে ওপেন সোর্স প্যাকেজ, সিআই/সিডি পাইপলাইন, কনটেইনার রেজিস্ট্রি এবং উন্মুক্ত এআই মডেলকে লক্ষ্য করে আরও জটিল সাইবার হামলার আশঙ্কা করছে ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা। এআই এজেন্ট ও এমসিপি সার্ভার ব্যবহার করে ব্যাকডোর ছড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে। পাশাপাশি ক্লাউড অ্যাকাউন্টের লগইন তথ্য, এপিআই কী এবং সার্ভিস টোকেন সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। বিপুলসংখ্যক গ্রাহকের সঙ্গে সংযুক্ত থাকার কারণে আইটি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপরও হামলার ঝুঁকি থাকবে।

এ ছাড়া জনপ্রিয় এআই মডেল ব্যবহারের সুযোগে নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ আরোপ করা হলে সাপ্লাই চেইনে নতুন দুর্বলতা তৈরি হতে পারে। এর ফলে সরাসরি কোনো সাইবার হামলা না হলেও প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্যাসপারস্কির সিকিউরিটি অপারেশন সেন্টারের প্রধান সের্গেই সোলদাতভ বলেন, সব নিরাপত্তাব্যবস্থার ভিত্তি হলো আস্থা। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে একা সবকিছু যাচাই করা সম্ভব নয়। কোনো না কোনো পর্যায়ে কম্পাইলার, ওপেন সোর্স লাইব্রেরি কিংবা ক্লাউড সেবাদাতার ওপর নির্ভর করতে হয়। সাইবার অপরাধীরাও বিষয়টি জানে। এ কারণেই সাপ্লাই চেইন হামলার ঝুঁকি এড়িয়ে চলা কঠিন। এখন এআই-ও এই হামলার অংশ। এটি সাইবার অপরাধীদের আরও জটিল ম্যালওয়্যার তৈরিতে সহায়তা করছে, পাশাপাশি নিজেই হামলার প্রবেশপথ হয়ে উঠছে। প্রতিষ্ঠানগুলোকে জানতে হবে, তারা কোন কোন প্রযুক্তি ও সেবার ওপর নির্ভরশীল, সেগুলোকে কী ধরনের প্রবেশাধিকার দিয়েছে এবং নির্ভরশীল কোনো একটি অংশ আক্রান্ত হলে কী পদক্ষেপ নিতে হবে।

সাপ্লাই চেইন ঝুঁকি কমাতে ক্যাসপারস্কি আগাম প্রস্তুতি ও একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানে ব্যবহৃত সব সফটওয়্যার ও প্রযুক্তিগত উপাদানের তালিকা রাখতে হবে। এর মধ্যে ওপেন সোর্স সফটওয়্যার, এআই মডেল এবং এআই এজেন্টের স্কিলও অন্তর্ভুক্ত থাকবে। এসব উপাদানের নিরাপত্তা নিয়মিত যাচাই করতে হবে এবং সাইবার হুমকির হালনাগাদ তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

একই সঙ্গে সিআই/সিডি পরিবেশে প্রয়োজনের অতিরিক্ত প্রবেশাধিকার বন্ধ রাখা, স্বল্পমেয়াদি ক্রেডেনশিয়াল ব্যবহার এবং এপিআই কীসহ গোপন অ্যাক্সেস তথ্য নিয়মিত পরিবর্তন করতে হবে। এআই এজেন্টকে আলাদা ও নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালনার পাশাপাশি তাদের অনুমতিও সীমিত রাখতে হবে। তৃতীয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে সরবরাহকারীদের নিয়মিত মূল্যায়ন এবং চুক্তিতে প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত যুক্ত করার ওপরও গুরুত্ব দিয়েছে ক্যাসপারস্কি।

প্রতিষ্ঠানের অবকাঠামো ও নেটওয়ার্ক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করলে সন্দেহজনক তৎপরতা দ্রুত শনাক্ত করা সম্ভব। পাশাপাশি কোনো সরবরাহকারী সাইবার হামলার শিকার হলে দ্রুত তাকে সংশ্লিষ্ট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা এবং ঘটনার তদন্তের ব্যবস্থা রাখতে হবে। সম্ভাব্য ক্ষতি কমাতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও প্রতিষ্ঠানের ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status