|
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি, শ্রীপুরে চার কারখানায় ভাঙচুর
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুই মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। সকাল ১০টা পর্যন্ত দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। সড়কে আটকে পড়ে দুর্ভোগের শিকার হন যাত্রী ও সাধারণ মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় যানজটে আটকে থাকা বাসযাত্রী সেলাইমান হোসেন বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে শ্রমিকদের অবরোধে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা জসিম উদ্দিন শ্রমিকদের সড়ক অবরোধ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করবেন কারখানায় গিয়ে, তাঁরা রাস্তায় কেন আসবেন? তৈরি পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। আগের মজুরির তুলনায় এটি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। তবে শ্রমিকেরা এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও নতুন কাঠামো কার্যকরের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের কথা রয়েছে। নাওজোড় এলাকায় বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে মাস শেষে হাতে টাকা থাকে না। তাঁদের দাবি অনুযায়ী মজুরি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ভোগড়া এলাকায় বিক্ষোভরত শ্রমিক শরিফুল ইসলাম বলেন, বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু শ্রমিকদের আয় সে অনুযায়ী বাড়ছে না। মালিকপক্ষ বেতন না বাড়ালে শ্রমিকদের পক্ষে কাজ করে সংসার চালানো সম্ভব নয়। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য তাঁদের কাছে রয়েছে। এদিকে শ্রীপুরে বুধবার সকালে চারটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় এসব ঘটনা ঘটে। ভাঙচুরে কারখানাগুলোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো দক্ষিণ ভাংনাহাটি গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, সকালে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। প্রায় একই সময়ে পাশের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনার ওয়্যার লিমিটেডের ফটকেও ভাঙচুর করা হয়। হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সকালে একদল লোক কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেডেও ভাঙচুর হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কারখানায় ভাঙচুরের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে গিয়ে বিস্তারিত জানা যাবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
