|
৬১ হাজার ৬৯৯ টাকায় লেনোভোর অল-ইন-ওয়ান পিসি আনল গ্লোবাল ব্র্যান্ড
নতুন সময় ডেস্ক
|
![]() ৬১ হাজার ৬৯৯ টাকায় লেনোভোর অল-ইন-ওয়ান পিসি আনল গ্লোবাল ব্র্যান্ড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক, হাসপাতাল, করপোরেট প্রতিষ্ঠান, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, বিপণিবিতান, সুপারশপের বিলিং কাউন্টারসহ বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এই কম্পিউটার। পাশাপাশি বাসায় বসে দৈনন্দিন কাজ করার জন্যও এটি উপযোগী। লেনোভো এ১০০ মডেলের এই কম্পিউটারে রয়েছে চার কোর ও চার থ্রেডের ইন্টেল এন১০০ প্রসেসর। এর সর্বোচ্চ গতি ৩ দশমিক ৪ গিগাহার্জ। দৈনন্দিন কম্পিউটিং, ইন্টারনেট ব্যবহার, দাপ্তরিক কাজ ও একসঙ্গে একাধিক কাজ সম্পাদনে এটি সহায়ক হবে। এতে আরও রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই-ই চতুর্থ প্রজন্মের এনভিএমই এসএসডি। ফলে দ্রুত কম্পিউটার চালু করা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার এবং তথ্য সংরক্ষণ করা যাবে। গ্রাফিকসের জন্য রয়েছে সমন্বিত ইন্টেল ইউএইচডি গ্রাফিকস। কম্পিউটারটিতে ২৩ দশমিক ৮ ইঞ্চির পূর্ণ উচ্চ সংজ্ঞার আইপিএস পর্দা রয়েছে। এর রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ২৫০ নিট উজ্জ্বলতা ও ৯৯ শতাংশ এসআরজিবি রঙের সমর্থন থাকায় ছবি, ভিডিও ও অন্যান্য বিষয়বস্তু দেখার ক্ষেত্রে স্বচ্ছ ও প্রাণবন্ত দৃশ্য পাওয়া যাবে। অনলাইন সভা, ভিডিও কল ও ভার্চ্যুয়াল ক্লাসের জন্য এতে রয়েছে গোপনীয়তা রক্ষার ঢাকনাসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং দ্বৈত মাইক্রোফোন। শব্দের জন্য রয়েছে ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার। সংযোগ সুবিধায় ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ ও প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। সঙ্গে কিবোর্ড ও মাউস থাকায় আলাদাভাবে এসব উপকরণ কেনার প্রয়োজন নেই। ক্লাউড গ্রে রঙের এই কম্পিউটারে এক বছরের বিক্রয়োত্তর নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পণ্যটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন বিক্রয়কেন্দ্র, নিকটস্থ শাখা ও অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
