ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 November, 2026, 3:17 PM

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা। এ ছাড়া গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণে এবার পাঁচজনকে যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে।

তারা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।

শীর্ষ দশে যারা

যৌথভাবে প্রথম স্থানে থাকা পাঁচ নেতার পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

এ ছাড়া পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন।

তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার আলেম হাবিব লুতফি বিন ইয়াহইয়া ৩১তম স্থান পেয়েছেন।

‘ম্যান অব দ্য ইয়ার’ গাজার চিকিৎসক

এবারের তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। সামগ্রিক তালিকায় তার অবস্থান ৫০তম।

গাজায় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং রোগীদের পাশে থাকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং নিজের সন্তানকে হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রতিবেদন অনুযায়ী, তালিকা প্রকাশের সময় পর্যন্ত তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।

হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘটনার বিষয়ে কথা বলার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও বক্তব্য দিয়েছেন।

তালিকায় ভারতের একাধিক মুসলিম ব্যক্তিত্ব

২০২৭ সালের তালিকায় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বও স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী।

ইসলামী শিক্ষা, গবেষণা, লেখালেখি এবং কোরআনের মালয়ালম অনুবাদ ও তাফসিরে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে স্কলারলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক।

যেভাবে তৈরি হয় ‘দ্য মুসলিম ৫০০’

‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম।

তালিকা তৈরিতে বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচক বিবেচনা করা হয়। এক বছরের অর্জনের চেয়ে ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন নির্দেশ করে না।

প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনসংখ্যা আনুমানিক ২২০ কোটি উল্লেখ করা হয়েছে। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ইসলামী জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা, দাতব্য কার্যক্রম, সামাজিক বিষয়, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম, প্রভাবশালী ব্যক্তিত্ব ও খেলাধুলাসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া এবারের সংস্করণে মুসলিম বিশ্বের গত এক বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, গাজা ও পশ্চিম তীর পরিস্থিতি, বিভিন্ন দেশের মূল্যায়ন এবং সমসাময়িক মুসলিম সমাজের চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

তালিকার পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশনাটির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status