ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি
জবি প্রতিনিধি
প্রকাশ: Thursday, 12 November, 2026, 4:23 PM

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদন ফি গতবারের তুলনায় ২০ শতাংশ এবং ‘ই’ ইউনিটে ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদ, ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিট চারুকলা অনুষদভুক্ত।
 
ভর্তি বিজ্ঞপ্তি পর্যালোচনায় দেখা যায়, গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটিতে আবেদন ফি ছিল ১ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ইউনিটে আবেদন ফি বেড়েছে ২০০ টাকা বা ২০ শতাংশ।
 
অন্যদিকে, চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে গতবার আবেদন ফি ছিল ১ হাজার ২০০ টাকা। এবার তা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ইউনিটে আবেদন ফি বেড়েছে ৩০০ টাকা বা ২৫ শতাংশ। ফলে পাঁচটি ইউনিটের মধ্যে ‘ই’ ইউনিটে ফি বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, "গতবার নির্ধারিত আবেদন ফি দিয়ে ভর্তি পরীক্ষার ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরীক্ষার আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন অনুষদের ডিনরা গতবারের ফি দিয়ে পরীক্ষার ব্যয় মেটাতে অসুবিধার কথা জানিয়েছেন। পরে কমিটিতে বিস্তারিত আলোচনা এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে ফি চূড়ান্ত করা হয়েছে। মূলত পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই ফি কিছুটা বাড়ানো হয়েছে।"
 
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের (admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
 
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। ৮ জানুয়ারি চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্য চারটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status