|
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি সরেজমিনে জানা যায়, বুধবার সকাল থেকে হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উত্পাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। শ্রমিকেরাও নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। তবে সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন। পরে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে সকাল ১০টার দিকে হেমায়েতপুর শিল্পাঞ্চলের পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকেরা অবস্থান নেন। অন্যদিকে বাগবাড়ী এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে বিভিন্ন কারখানা থেকে আসা শ্রমিকেরা জড়ো হন। এ সময় স্যামস স্টাইলিংয়ের শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। একইভাবে জামগড়া এলাকায়ও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার আরো কয়েকটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের মধ্যেও সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উত্পাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কয়েকটি কারখানায় ছুটি ও বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনায় শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানায় আগুন সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কারখানাটির বহুতল ভবনের একটি স্টোরকক্ষে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রমিক ও কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর কারখানার বাইরে প্রচুর ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ডিইপিজেড ফায়ার সাভির্েসর সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে তারা ঘটনাস্থলে যান। তবে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন স্টোরকক্ষে সীমাবদ্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
