|
সিঙ্গাপুরের থিয়েটার ফেস্টিভ্যালে আমন্ত্রিত নাট্যনির্দেশক ও উপাচার্য ড. ইসরাফিল শাহীন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিঙ্গাপুরের থিয়েটার ফেস্টিভ্যালে আমন্ত্রিত নাট্যনির্দেশক ও উপাচার্য ড. ইসরাফিল শাহীন আগামী ৩ থেকে ৭ নভেম্বর ইউনিভার্সিটি অব দ্য আর্টস সিঙ্গাপুরের অন্তর্ভুক্ত লাসাল কলেজ অব দ্য আর্টসে এই আন্তর্জাতিক উৎসব ও সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অঞ্চলের শীর্ষ থিয়েটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্রতি বছর এই সম্মানজনক উৎসবটি আয়োজিত হয়। এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাট্যব্যক্তিত্ব ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এই উৎসব ও সম্মেলনে থাকছে বৈচিত্র্যময় সব আয়োজন। এর মধ্যে অন্যতম—থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে ডিরেক্টর্স’ কনফারেন্স; অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট ও স্টেজ টেকনোলজি বিষয়ক কর্মশালা ও মাস্টারক্লাস। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা ও শোকেস, একাডেমিক ফোরাম, সিম্পোজিয়াম, রাউন্ডটেবিল আলোচনা এবং আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্য-নবীনতা (ইনোভেশন) বিষয়ক বিশেষ প্যানেল ও বিনিময় কর্মসূচি। আয়োজকেরা জানান, উৎসবে অধ্যাপক ইসরাফিল শাহীন সমকালীন বৈশ্বিক থিয়েটার শিক্ষার পরিমণ্ডলে বাংলাদেশের সমৃদ্ধ থিয়েটার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপন করবেন। তাঁর গবেষণা, দীর্ঘ শিক্ষকতা ও সৃজনশীল কর্মের অভিজ্ঞতা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের থিয়েটারকে নতুন মাত্রায় সংযুক্ত করবে এবং ভবিষ্যৎ একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিই অধ্যাপক ইসরাফিলের একমাত্র প্রতিনিধিত্ব নয়। এর আগে চলতি বছরের ২৩ থেকে ২৭ জুন চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 'সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন' (সিএলইসি) এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ অনুষ্ঠানে অংশ নিতে তিনি চীন সফর করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
