|
সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে ১২০ সাংবাদিকের প্রশিক্ষণ কর্মশালা
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
|
![]() সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে ১২০ সাংবাদিকের প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে লাকসাম পৌর অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ। উদ্বোধনী বক্তব্য দেন সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন। প্রশিক্ষণ সেশনে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, তথ্যের নির্ভরযোগ্যতা, পেশাগত সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সময়োপযোগী সাংবাদিকতা চর্চার মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে অফিসিয়াল ব্যাগ, প্যাড ও কলম উপহার হিসেবে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয। সমাপনী বক্তব্যে লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সমাজের কাছে সত্য তুলে ধরার অঙ্গীকার। পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই এবং নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। চার উপজেলার সাংবাদিকদের একত্র করে এ প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সবাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও এগিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
