|
গাজীপুরে বিকাশের ৩ কোটি টাকা লুট: প্রাইভেট কারের গ্লাস ভেঙে গুলিতে আহত ৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বিকাশের ৩ কোটি টাকা লুট: প্রাইভেট কারের গ্লাস ভেঙে গুলিতে আহত ৩ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহতরা হলেন—বিকাশ এজেন্সির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল (গুলিবিদ্ধ), প্রাইভেট কারচালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ডিস্ট্রিবিউটর সূত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ ছিল এবং একই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বেতনের বড় চাপ থাকায় নগদ অর্থের সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। নিয়মানুযায়ী নরসিংদীর ডিস্ট্রিবিউটর “হযরত আলী মুন্সী”র হিসাব নম্বরে বিকাশের ডিজিটাল ব্যালেন্স স্থানান্তর করে প্রাইভেট কারে নগদ টাকা আনা হচ্ছিল। পথে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত প্রাইভেট কারটির গতি রোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়িটির গ্লাস চূর্ণবিচূর্ণ করে ফেলে। দুর্বৃত্তরা পিস্তল দিয়ে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাইভেট কারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের হিসাব অনুযায়ী লুণ্ঠিত অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
