চাঁদপুরে নকল ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Monday, 28 September, 2026, 3:58 PM
চাঁদপুরে নকল ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে নাম-ঠিকানাবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন, খুচরা মূল্য উল্লেখবিহীন এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার চাঁদপুরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চাঁদপুর হার্ডওয়্যারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের থিনার, তারপিন, রং, বার্নিশ, সুপার গ্লুসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়, যেগুলোর মধ্যে নাম-ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য উল্লেখ ছিল না। পাশাপাশি কিছু পণ্য অনুমোদনহীন ছিল বলে জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানটি।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।