|
একাদশে ভর্তির চূড়ান্ত ফল রাত ৮টায়, জানা যাবে যেভাবে
নতুন সময় প্রতিবেদক
|
![]() একাদশে ভর্তির চূড়ান্ত ফল রাত ৮টায়, জানা যাবে যেভাবে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ফল প্রকাশ করবে ভর্তি কমিটি। শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে এ ফল দেখতে পারবে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীর দেওয়া নিবন্ধিত নম্বরে তার চূড়ান্ত মনোনয়নের ফল জানানো হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ রাতে যে ফল প্রকাশ করা হবে, তাতে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তা জানানো হবে। ২০ সেপ্টেম্বর থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সশরীরে নির্বাচিত হওয়া কলেজে গিয়ে শিক্ষার্থীদের ফি পরিশোধ করে ভর্তি হতে হবে। তিনি আরও বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী আবেদন করে কলেজ পায়নি অথবা কোনো কারণে আবেদন করতে পারেনি, তাদের ২৪ সেপ্টেম্বরের পর পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিলে কেউ আর বাদ পড়বে না। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। এদিকে অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেয়নি। আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ, এ কলেজগুলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
