|
শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত, পরিচয় মেলেনি
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত, পরিচয় মেলেনি পুলিশ জানায়, ভোরে ওই নারী মহাসড়ক ধরে হেঁটে নয়নপুরের দিকে যাচ্ছিলেন। হামিম ডেনিম কারখানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান। পরে গাড়িটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল কালো রঙের ফুলের নকশাযুক্ত জামা-কামিজ, উজ্জ্বল গোলাপি পায়জামা এবং ফুলের নকশাযুক্ত কালো ওড়না। স্থানীয় দোকানি শ্যামল জানান, দুর্ঘটনার পর নারীর একটি পা ভেঙে যায় এবং মাথার কাছেও রক্তের দাগ দেখা যায়। হামিম ডেনিম কারখানার এক নিরাপত্তাকর্মী জানান, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর ওই নারীকে পড়ে থাকতে দেখেন। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পেছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
