ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ফরহাদ হালিম ডোনার?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 2:21 PM

বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ফরহাদ হালিম ডোনার?

বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ফরহাদ হালিম ডোনার?

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই চার নেতাকে স্থায়ী কমিটির সদস্য পদে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ। 

তবে স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে নিয়ে অনেকের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। মূলধারার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়ভাবে দৃশ্যমান না থাকার পরও তিনি কীভাবে স্থায়ী কমিটিতে স্থান করে নিলেন সেটা নিয়ে কারও কারও মনে প্রশ্নও দেখা দিয়েছে। তবে বিএনপির সূত্র জানায়, চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এ নেতা বিএনপির সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে। তিনি বিভিন্ন সময় দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তার নিজ যোগ্যতা বলেই দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।   


বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে থেকে ১৩ জন রয়েছেন। তারা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন। 


স্থায়ী কমিটির আরেক সদস্য জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই মারা গেছেন। নতুন চার সদস্য মিলিয়ে এখন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তাকে দলীয় পদ ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে নতুন করে আরও তিনজনের যাওয়ার পথ খুলবে।

কে এই অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার?

চিকিৎসক হিসেবে পরিচিতি পাওয়া ফরহাদ হালিম ডোনার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। ক্যানসার চিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পাশাপাশি পেশাজীবী সংগঠন ও রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। 

ক্যানসার চিকিৎসায় পরিচিতি

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দেশের পরিচিত ক্যানসার বিশেষজ্ঞদের একজন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ক্যানসারের আধুনিক চিকিৎসার প্রসারে তার ভূমিকার কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে।

চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্বেও ছিলেন তিনি। 

ড্যাবের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা

চিকিৎসা পেশার পাশাপাশি ডা. ডোনার দীর্ঘদিন ধরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সঙ্গে যুক্ত। তিনি সংগঠনটির সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির রাজনীতিতেও সক্রিয় ডা. ডোনার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের দায়িত্বে

ফরহাদ হালিম ডোনার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তার নাম ছিল।

ঢাবির সিন্ডিকেট সদস্য

চিকিৎসা ও রাজনীতির বাইরে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দায়িত্ব পেয়েছেন ডা. ডোনার। চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন।

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব

দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত পথচলার পর এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন ফরহাদ হালিম ডোনার। দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status