|
কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করবেন মাধুরী দীক্ষিত
নতুন সময় ডেস্ক
|
![]() কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করবেন মাধুরী দীক্ষিত সঞ্চালকের ভূমিকায় দর্শক এবার নতুন রূপে আবিষ্কার করবেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে! ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দিতে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়। তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন মাধুরী। এর আগে মরাঠি কেবিসি-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের। তবে এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মরাঠি সংস্করণটি। সেই দিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। নিজের এই নতুন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে মাধুরীকে দেখা গেলেও, পূর্ণাঙ্গ কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভকামনার জোয়ার। মারাঠি কেবিসি-র ইতিহাসে মাধুরী প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি-র আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনি প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
