ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক হলেও তীব্র যানজট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 August, 2026, 5:50 PM

ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক হলেও তীব্র যানজট

ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক হলেও তীব্র যানজট

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে চার দফা দাবি আদায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন মাদরাসার হাজারো শিক্ষার্থী। পরে বিকেল আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং দুর্ঘটনাস্থল এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার সকালে মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা প্রতিষ্ঠান থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদ এবং ফুটওভার ব্রিজ নির্মাণসহ চার দফা দাবি আদায়ে তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আমাদের আশ্বাস এবং জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের শর্তে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেছেন।’

অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল শুরু হলেও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পয়েন্টে যানজট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status