|
ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা শহরের থানা রোডের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, বুধবার জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা সদস্যসচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি থানা রোড এলাকায় পৌঁছালে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা ও পাইপ নিয়ে অতর্কিত হামলা চালান। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্য ফেরদৌসও মারধরের শিকার হন। আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি তাওহীদ হাসান শান্ত, ফুলবাড়ী উপজেলা যুবশক্তির সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান এবং ছাত্রনেতা মেহেদী হাসানসহ অন্তত ৯ জন। গুরুতর আহত চারজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের দাবি, ভিডিও ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করা গেছে। স্থানীয়দের অভিযোগ, হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন হক নিরব, যুবদল নেতা রফিকুল, সিরাজুল ইসলাম সেরা এবং শ্রমিক দলের নয়ন মিয়াসহ আরও কয়েকজন অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, "আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনার পর বিএনপি ও এনসিপির জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
