ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
‘একজনকে আমার বেশি দিন ভালো লাগে না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 5:42 PM

‘একজনকে আমার বেশি দিন ভালো লাগে না’

‘একজনকে আমার বেশি দিন ভালো লাগে না’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। ‘নতুন সময়‍’ এর নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ফেসবুকে একজনের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা ভেঙে গেছে। এরপর আমি ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন মেয়ের সাথে কথা বলি। সমস্যা হচ্ছে একজনকে আমার বেশি দিন ভালো লাগে না। কিছুদিন পর সম্পর্ক থেকে সব আগ্রহ চলে যায়। এটা কি কোনও মানসিক সমস্যা?

উত্তর: ১. আপনার ব্যক্তিত্ব বিশ্লেষণ করুন: আপনার মন বৈচিত্র্যপিয়াসী এবং অ্যাডভেঞ্চারপ্রিয় হলে অল্প দিনেই আপনি পুরনো প্রেমিকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। আবার আপনার আবেগ প্রকাশে ঘাটতি থাকলেও তা আপনাকে প্রেমিকার সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত হতে বাধা দিতে পারে। তাছাড়া আপনার প্রেমিকার প্রতি আপনার প্রত্যাশা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও বিবেচনা করুন। আপনার মধ্যে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী মনে করার প্রবণতা থাকলেও আপনি প্রেমিকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

২. ডেটিং অ্যাপ ব্যবহারে সতর্ক হোন: ডেটিং অ্যাপ ব্যবহার অনেকটা নেশার মতোই। এখানে অনেক রকমের বিকল্প থাকায় মানুষের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা তৈরি হয়। মনে হয় আরও সার্চ করলে হয়তো এর চেয়ে ভালো কাউকে পাওয়া সম্ভব ছিল। এসব কারণে প্রেমিকাকে শুধুমাত্র একটি অপশন হিসেবে মনে হয়। ফলে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয় না। আপনার মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি থাকলে এ ধরনের আসক্তি সৃষ্টি হতে পারে।

৩. সঙ্গী নির্বাচনে যত্নশীল হোন: আপনার এবং আপনার সম্ভাব্য সঙ্গীর মূল্যবোধ এবং জীবনের লক্ষ্যগুলোর মধ্যে মিল আছে কিনা যাচাই করুন। আপনার সঙ্গী আপনার সামাজিক পরিবেশে বা আপনি তার পরিবেশে মানিয়ে নিতে পারেন কিনা সেটাও বিবেচনা করুন। পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ও শ্রদ্ধাবোধ সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করে। দুজনের মধ্যে এসবের মাত্রায় ঘাটতি থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। আপনারা একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনেন কিনা বিবেচনা করুন। ভালো শ্রোতা হওয়া সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৪. নিজের বৈশিষ্ট্যকে আপন মনে করুন: আপনার চরিত্র ও মননের তথাকথিত ভালো ও মন্দ সকল বৈশিষ্ট্যকে সম্মান করুন, ভালোবাসুন, আপন মনে করুন। নিজের সকল বৈশিষ্ট্যকে আপন মনে করা মানে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করা। প্রতিটি মানুষের চরিত্র ও মননের মধ্যে ভালো এবং মন্দ উভয় দিকই বর্তমান থাকে। আঙুলের ছাপের মতোই এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকের ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ যা তাকে অনন্য করে তোলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status