ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
বলিউডের রেষারেষি নিয়ে রাকুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 1:16 PM

বলিউডের রেষারেষি নিয়ে রাকুল

বলিউডের রেষারেষি নিয়ে রাকুল

নীতেশ তিওয়ারির আলোচিত ছবি ‘রামায়ণ’-এ যুক্ত হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় রাকুল প্রীত সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির অংশ হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। একই সঙ্গে তেলেগু ও হিন্দি চলচ্চিত্রশিল্পের কাজের পরিবেশের পার্থক্য নিয়েও খোলামেলা কথা বলেন। তাঁর মতে, তেলেগু চলচ্চিত্রশিল্পে সবাই একটি বড় পরিবারের মতো কাজ করেন, কিন্তু বলিউডের পরিবেশ একেবারেই ভিন্ন।

রাকুল বলেন, ‘আমার কাজের প্রশিক্ষণ তেলেগু চলচ্চিত্রশিল্পে হয়েছে। সেই ইন্ডাস্ট্রি খুবই ঐক্যবদ্ধ। সেখানে প্রতিযোগিতা অবশ্যই আছে, কিন্তু মানুষ একে অপরের ছবিকেও সমর্থন করে। তেলেগু চলচ্চিত্রশিল্পে আমরা একে অপরের ছবির স্ক্রিনিং ও প্রিমিয়ারে যেতাম। ছবি নিয়ে আলোচনা করতাম। সাফল্যের অনুষ্ঠানেও অংশ নিতাম। সেখানে কে যাচ্ছে, তাই আমাকেও যেতে হবে, এমন মানসিকতা ছিল না। বরং সবাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরকে সাহায্য করতে প্রস্তুত থাকত।’ 

হিন্দি চলচ্চিত্রশিল্পে এসে তিনি অনেকের মধ্যে এক ধরনের অনিরাপত্তাবোধ দেখেছেন। তাঁর মতে, এই কারণে অনেকেই খোলাখুলিভাবে অন্যের ছবিকে সমর্থন করেন না। তিনি বলেন, ‘মুম্বাইয়ে এসে আমার মনে হয়েছিল সবাই এত প্রতিযোগিতাপূর্ণ কেন? আমার মনে হয়, মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পেও যদি আমরা তেলেগু চলচ্চিত্রশিল্পের মানসিকতা নিয়ে আসতে পারি, তাহলে পুরো ইন্ডাস্ট্রি আরও শক্তিশালী হবে। কিন্তু অনিরাপত্তাবোধ মানুষকে তা করতে দেয় না। এটি এমন একটি বিষয়, যার ওপর প্রত্যেকেরই কাজ করা উচিত।’

সবশেষে রাকুলকে পতি ‘পত্নী অউর ও ২’ ছবিতে দেখা গেছে। মুদাসসর আজিজ পরিচালিত এই কমেডি ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলী খান। সামনে রামায়ণ-এ তাঁকে রাবণের বোন শূর্পণখার চরিত্রে দেখা যাবে। শক্তিশালী ও জটিল এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত। কিছুদিন আগে দিল্লিতে রামায়ণ–এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকুল। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এমন একটি প্রকল্পের অংশ হতে পারা সত্যিই গর্বের। এটি জীবনের চেয়েও বড়, সিনেমার চেয়েও বড়। এটি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের রামায়ণ। আমরা বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দর্শকেরা কবে আমাদের সঙ্গে এই জগতে প্রবেশ করবেন, সেই অপেক্ষায় আছি।’

নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দুই পর্বে মুক্তি পাবে। এতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী ও রাবণের চরিত্রে যশ। এ ছাড়া লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, মন্দোদরির চরিত্রে কাজল আগারওয়াল, ইন্দ্রের ভূমিকায় কুনাল কাপুর এবং জটায়ুর চরিত্রে অনুপম খের অভিনয় করছেন। ছবির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলি ও দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status