|
রাঙামাটিতে পার্বত্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পিসিএনপির প্রতিবেদন প্রকাশ
মঈন উদ্দীন, রাঙামাটি
|
![]() রাঙামাটিতে পার্বত্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পিসিএনপির প্রতিবেদন প্রকাশ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পিসিএনপির রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক। লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠন জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের কর্মকাণ্ডের কারণে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি অপহরণ এবং ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এ সময়ের মধ্যে ৭০ জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরকে জোরপূর্বক সশস্ত্র কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এছাড়া ১৪ জন নারী অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়। পিসিএনপির প্রকাশিত প্রতিবেদনে গত এক বছরে পার্বত্য অঞ্চলে এক হাজার ৫২০টির বেশি চাঁদাবাজির ঘটনা এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভূমি দখলের চারটি ঘটনার তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ, ভূমি বিরোধের ন্যায়সংগত নিষ্পত্তি এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, রাঙামাটি জেলা যুব পরিষদের সভাপতি হিরো তালুকদার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
