|
ফেসবুকে প্রেমের ফাঁদ, নির্জন ফ্ল্যাটে ডেকে ব্ল্যাকমেইল: কালিয়াকৈরে পুলিশ সদস্যসহ আটক ৪
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফেসবুকে প্রেমের ফাঁদ, নির্জন ফ্ল্যাটে ডেকে ব্ল্যাকমেইল: কালিয়াকৈরে পুলিশ সদস্যসহ আটক ৪ শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশ কটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব, সুমু আক্তার এবং তাদের এক সহযোগী। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিদের সঙ্গে পরিচয় গড়ে তুলে প্রেমের সম্পর্কের অভিনয় করতেন। পরে নির্জন বাসায় ডেকে এনে গোপনে ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সায়মন নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর শুক্রবার রাতে তাকে বিশ্বাসপাড়া এলাকার মদিনা ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে ডেকে নেন পাপিয়া। সেখানে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সায়মন বারান্দায় গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে সজীব ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্তার অভিযোগ তুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বলে জানা গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও আপত্তিকর আলামত উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
