|
শ্রীপুরে ফুটবল খেলার পর পুকুরে গোসল, পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরে ফুটবল খেলার পর পুকুরে গোসল, পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস সদস্যরা পুকুরের ২০ থেকে ৩০ ফুট গভীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত ইয়াসিন আরাফাত আদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাইফুল ইসলামের ছেলে। তার বাবা শ্রীপুরের ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করেন। আদি স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৭-৮ জন কিশোর একটি মাঠে ফুটবল খেলার পর চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে নামার কিছুক্ষণ পর দুই কিশোর নিখোঁজ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ইয়াসিন আরাফাত আদিকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুকুরের তলদেশ থেকে ইয়াসিন আরাফাত আদির মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, "শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একই সঙ্গে টঙ্গী থেকে ডুবুরি দলও রওনা হয়েছিল। তবে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার হওয়ায় ডুবুরি দলকে মাঝপথ থেকেই ফিরে যেতে বলা হয়। পুকুরটির গভীরতা ছিল প্রায় ২০ থেকে ৩০ ফুট।" টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস জানান, তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও পরে জানতে পারেন উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। ফলে ডুবুরি দল মাঝপথ থেকেই ফিরে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
