শেরপুরের নকলায় ৩৬০ জন দুগ্ধ খামারি পেল ডেইরি উপকরণ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Monday, 8 June, 2026, 11:21 AM
শেরপুরের নকলায় ৩৬০ জন দুগ্ধ খামারি পেল ডেইরি উপকরণ
শেরপুরের নকলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৩৬০ জন দুগ্ধ খামারির মাঝে উন্নতমানের ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ডেইরি পিজি (প্রডিউসার গ্রুপ) সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রামীণ পর্যায়ে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে স্বাবলম্বী করে তোলা। এ প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারিরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপায়ে দুধ সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন। যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামারিদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সবসময় পাশে থাকবে বলেও জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ৩৬০ জন উপকারভোগী খামারির মাঝে দুধ সংগ্রহের আধুনিক স্টিলের ক্যান, বালতিসহ দুগ্ধ ও ডেইরি খামার ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সরকারি এসব সহায়তা ও আধুনিক উপকরণ হাতে পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ডেইরি খামারিরা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং স্থানীয় সংবাদিকরা উপস্থিত ছিলেন।